খুলনা প্রতিনিধি:
দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ৩১ অক্টোবর ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ’ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ, ছাত্র-জনতা, শ্রমিক ও পেশাজীবীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান।
রোববার সকালে নগরীর শান্তিধাম মোড়ের তারেরপুকুর এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে লংমার্চের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাহফুজুর রহমান বলেন, দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, কৃষক ও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়া এবং সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী এ লংমার্চ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে একটি প্রতিবাদী উদ্যোগ। অতীতে জনগণ সংকটে পড়লে রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলন তাদের দাবি আদায়ে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে সবার সহযোগিতা কামনা করে মহানগরী জামায়াতের আমির বলেন, কর্মসূচি সামনে রেখে ঢাকা, খুলনা ও কুষ্টিয়ার বিভিন্ন থানা, উপজেলা ও মহল্লায় প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ এবং পথসভা করা হচ্ছে। কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরার আহ্বান জানান তিনি।
মহাসড়কে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে জানিয়ে মাহফুজুর রহমান বলেন, কর্মসূচি চলাকালে যাতে জনসাধারণের যাতায়াতে বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহসহ বিভিন্ন থানা ও ইউনিটের নেতারা।

