কয়রা (খুলনা) প্রতিনিধি
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কোনো অপশক্তি যেন উৎসবের আনন্দ নষ্ট করতে না পারে, সে জন্য মন্দির কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় খুলনার কয়রা উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান এবং খুলনা জেলা পরিষদের সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।
ফাহমিদা হক বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতা এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সব ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে কাজ করছেন। যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ সরকারি সংস্থাগুলো সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণ, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ অঞ্চলের মন্দিরগুলোর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট মন্দিরগুলোর ব্যাংক হিসাবে এ অর্থ পৌঁছে যাবে বলে জানান তিনি।
কয়রা-পাইকগাছা অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে ফাহমিদা হক বলেন, অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। পর্যায়ক্রমে আরও বরাদ্দ এনে এলাকাটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে কয়রা উপজেলার ৫৯টি শারদীয় দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক সহায়তা এবং খুলনা জেলা পরিষদের ৫৪টি আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্যসচিব ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী এসব সহায়তা ও বরাদ্দপত্র হস্তান্তর করেন।
প্রধান বক্তার বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে উৎসব আরও জাঁকজমকপূর্ণ করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করবেন। মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার আনন্দ নির্বিঘ্ন রাখতে নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশরাফুল আলম নান্নু, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু এবং কয়রা প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে কয়রা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অম্বিকা চরণ সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

