খুলনা প্রতিনিধি
খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানে নয় দিনে ২৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩২০টি মামলা করেছে পুলিশ। আটক করা হয়েছে ২০৬টি মোটরযান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনার পুলিশ সুপার সরদার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গত ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া ৭০৩ পিস ইয়াবা, ২ কেজি ৫ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন বাস্তবায়নে একই সময়ে বিভিন্ন স্থানে ট্রাফিক চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩২০টি মামলা করা হয় এবং ২০৬টি মোটরযান আটক করা হয়।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।

