খুলনা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা-৩ আসনের দৌলতপুর ও আড়ংঘাটা থানার প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান এবং মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পুরোহিতদের জন্য নতুন পোশাক উপহার পাঠিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর ব্যক্তিগত প্রতিনিধিদের মাধ্যমে এসব অনুদান ও উপহারসামগ্রী সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোতে পৌঁছে দেওয়া হয়।
এ উপলক্ষে হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি নগর দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক কাজী মাহমুদ আলী ও সদস্যসচিব চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
তাঁরা বলেন, খুলনা-৩ আসনের দৌলতপুর ও আড়ংঘাটাসহ সব সনাতন ধর্মাবলম্বীর প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হুইপ বকুল। দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এটি ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলারও উপলক্ষ।
বক্তারা আরও বলেন, হুইপ রকিবুল ইসলাম বকুল বিশ্বাস করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের অনন্য প্রতীক খুলনা। এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত খুলনা গড়ে তোলা সম্ভব। তাঁরা সবার পূজা আনন্দময় ও নিরাপদ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পূজামণ্ডপে বিশেষ আর্থিক সহযোগিতার পাশাপাশি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুরোহিতদের জন্য উপহারসামগ্রী দেওয়া হয়েছে। এ সময় হুইপ বকুল সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন, যাতে ভবিষ্যতেও মানুষের সেবায় পাশে থাকতে পারেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নগর দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্য সাজ্জাদ আহসান পরাগ, প্রকৌশলী সত্যানন্দ দত্ত, অ্যাডভোকেট সত্যজিৎ সাহা, প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, শ্যামল কুমার রায়, বিপ্লব ভৌমিক ও উজ্জ্বল দাস। এ ছাড়া পূজা উদযাপন পরিষদের নেতা মাধব চন্দ্র রুদ্র, অজয় কুমার দে, চৈতন্য কুণ্ডু ও প্রতুল সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা হুইপ রকিবুল ইসলাম বকুলের এ উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

