খুলনা প্রতিনিধি:
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে খুলনা নগরীতে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
রোববার সকালে নগরীর দৌলতপুর থানাধীন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে কেসিসি।
পরিদর্শনকালে প্রশাসক পাবলা কুন্ডুপাড়া, ঋষিপাড়া, দাসপাড়া, দেয়ানা দক্ষিণপাড়া মেইন রোড, দেয়ানা পূর্বপাড়া হাসপাতাল রোড, দেয়ানা বাউন্ডারি রোড ও কমিশনার মোড়সহ আশপাশের এলাকায় চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নগরীতে কেসিসির চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
পরিদর্শনকালে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, সমাজসেবক শেখ মোশাররফ হোসেন, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, অধ্যাপক জয়নুল আবেদীন, শেখ আনছার আলী, লিয়াকত হোসেন লাভলু, আরমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

