খুলনা প্রতিনিধি:
দাদিকে হত্যার দায়ে মো. খলিল মোড়ল ওরফে ইরফান (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত ইরফান পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর উত্তরপাড়া গ্রামের মো. কামরুল মোড়লের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী (উচ্চমান সহকারী) মো. মাজাহারুল ইসলাম জানান, দাদিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামি ইরফানকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। রায় ঘোষণার পর মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হয়।

