খুলনা ব্যুরো:
দেশের তিন গুরুত্বপূর্ণ জেলা গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান দায়িত্বে থাকা কয়েকজন এসপিকেও অন্য ইউনিটে বদলি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
নতুন পদায়ন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার করা হয়েছে। কুষ্টিয়ার বর্তমান এসপি মোহাম্মদ জসিম উদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে।
অন্যদিকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। একই ইউনিটে বদলি করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে। আর খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক একাধিক প্রজ্ঞাপনে পুলিশের আরও অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
খুলনা, গাজীপুর ও কুষ্টিয়ার মতো গুরুত্বপূর্ণ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের মধ্য দিয়ে জেলা পুলিশের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এলো।

