খুলনা ব্যুরো:
খুলনার দৌলতপুরে একটি বাসার স্টুডিও রুমে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল নোটের পাশাপাশি নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, এক্সটার্নাল হার্ডডিস্ক ও কালার লেজার প্রিন্টার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় কাজী মিনহাজ করিম অমিতের বসতবাড়ির দ্বিতীয় তলার স্টুডিও রুমে অভিযানটি চালানো হয়।
আটক তিনজন হলেন—কাজী মিনহাজ করিম অমিত (৩২), শেখ ইমতিয়াজ কবির (৩৮) ও আসাদুজ্জামান আশিক (৩০)।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হলে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে স্টুডিও রুমে তল্লাশি চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের তিনটি ও ৫০০ টাকা মূল্যমানের দুটি নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয় ৪ হাজার টাকার জাল নোট।
তবে উদ্ধার করা নোটগুলোর প্রতিটির গায়ে কলম দিয়ে ‘DEMO’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে জাল নোট তৈরির কাজে ব্যবহারের অভিযোগে একটি ল্যাপটপ, একটি এক্সটার্নাল হার্ডডিস্ক এবং নোট ছাপানোর কাজে ব্যবহৃত একটি কালার লেজার প্রিন্টারও জব্দ করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে এসব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করতেন এবং পরে বিভিন্ন স্থানে তা সরবরাহ করতেন। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

