খুলনা প্রতিনিধি:
সাংবাদিকদের মধ্যে ক্রীড়ার আমেজ ছড়িয়ে দিতে শুরু হলো ‘খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিজ্ হুরে জান্নাত।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে এবং মা ট্রেডিংয়ের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে অংশ নিচ্ছে চারটি দল—‘প্রবর্তন’, ‘সময়ের খবর’, ‘খুলনা গেজেট’ ও ‘রূপালী বাংলাদেশ’। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পুরো প্রতিযোগিতা। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। সেই ফাইনালও অনুষ্ঠিত হবে খুলনা জেলা স্টেডিয়ামে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী এস এম সরোয়ার এহসান জিয়া। এছাড়া বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা গেজেটের সম্পাদক পরিষদের উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদ এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোস্তফা আলম, সদস্য মোঃ আলিমুজ্জামান, শেখ সাইফউদ্দিন আহমেদ হিমু, সাবেক সদস্য শাহ আসীফ হোসেন রিংকু, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন, ক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, যুগ্ম-সম্পাদক ও ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-পরিষদের সদস্য সচিব মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলনসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
উপস্থিত ছিলেন ‘রূপালী বাংলাদেশ’ দলের টিম ওনার মোঃ হাসানুর রহমান তানজীরসহ ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-পরিষদের যুগ্ম-আহ্বায়ক শেখ আল এহসান ও উত্তম মন্ডল এবং সদস্য মাহবুবুর রহমান মুন্না, আব্দুল্লাহ আল মামুন রুবেল, মোঃ হেলাল মোল্লা, আল মাহমুদ প্রিন্স, একরামুল হোসেন লিপু, আরাফাত হোসেন অনিক, রফিক আলী, রামিম চৌধুরী, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), মোঃ নূরুল আমিন নূর, মোঃ রাজু আহমেদসহ সংশ্লিষ্টরা।
তবে উদ্বোধনের দিনই মাঠে গড়ায়নি নির্ধারিত প্রথম দিনের ম্যাচ। প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকদের আশা, চার দলের এই প্রতিযোগিতা শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না; বরং খুলনার সাংবাদিক সমাজের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করবে।

