স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি ( সনাক)-খুলনা, টিআইবি এর আয়োজনে সবুরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা তে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা এর সভাপতি অধ্যাপক রমা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সবুরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোছাঃ ফাহিমা পারভীন স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন টিআইবি এর সিভিক এনগেইজমেন্ট বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দিন। তিনি বলেন ‘ সকলের স্বাক্ষরতা অর্জন নিশ্চিত করার মাধ্যমে সমাজে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। সমাজের সকল মানুষকে সচেতন করে তুলতে হবে, কাউকে পিছিয়ে রেখে আমরা এখানে কেউই নিরাপদ থাকতে পারবো না’। প্রধান অতিথির আলোচনায় খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, ছায়েদুর রহমান বলেন ‘ শিক্ষা মানুষকে শক্তিশালী করে ও স্বাবলম্বী করে। নিরক্ষর ব্যাক্তি সমাজের বোঝা হয়ে উঠতে পারে আর তাই নিরক্ষতামুক্ত সমাজ গড়ে তুলতে হবে। আর নিরক্ষরতা দূর করতে শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা তাদের আশপাশে বসবাসকারী নিরক্ষর মানুষদের স্বাক্ষরতা নিশ্চিত করে সমাজকে নিরক্ষরমুক্ত করার ক্ষেত্রে দায়িত্ব নিতে পারে, সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করবো’। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা কোতোয়ালী থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মমিন, এসিজি সমন্বয়ক তাহসিনা জান্নাতি এবং সহ সমন্বয়ক মোঃ খলিলুর রহমান।
আলোচনা সভায় বক্তারা নিরক্ষরতা একবিংশ শতাব্দীতে গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করেন, গত কয়েক দশকে স্বাক্ষরতায় বাংলাদেশ এগোলেও এখনও প্রায় ২৩ ভাগের বেশি মানুষ অন্ধকারেই রয়ে গেছে, এটা নিরসনে সম্মিলিত ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষিকাগণ, ইয়েস ও এসিজি সদস্যগন।
আলোচনার শেষ পর্যায়ে দুর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা ও স্বাক্ষরতা অভিযানে সবচেয়ে বেশি স্বাক্ষরতা শেখানো শিক্ষার্থীদের হাতে অতিথিগণ পুরস্কার তুলে দেন। এরপর সভার সভাপতি অধ্যাপক রমা রহমান অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য স্কুল ও শিক্ষা কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন এবং সম্মিলিত ভাবে নিরক্ষরমুক্ত বাংলাদেশ ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়ে আলোচনা সভা পর্বের সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা পর্ব শেষে তিনি অতিথিদেরকে শিক্ষার্থীদের আঁকা দুর্নীতি বিরোধী চিত্রাংকনগুলো ঘুরে দেখান এবং প্রধান অতিথিকে দিয়ে দুর্নীতি বিরোধী শপথ ও স্বাক্ষর বোর্ডের উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে দিবস উদযাপনের সমাপ্তি ঘোষণা করেন।

