স্পোর্টস ডেস্ক:
আসন্ন খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬ উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ মনোনীত খায়রুল-রিংকু-হোসেন প্যানেলের প্রার্থীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্যানেলের প্রার্থী ও নেতৃবৃন্দ।
পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার এস এম শাকিলুজ্জামান এবং খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসব সভায় প্রার্থী ও প্যানেল নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় খুলনা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণ, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্যানেলের প্রার্থী ও নেতৃবৃন্দ মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল কবির মিল্টন, মো. তরিকুল ইসলাম, এমডি খায়রুল ইসলাম খান জনি, আরিফুর রহমান, এজেএম অহিদুল ইসলাম সেলিম, শেখ হেমায়েত উল্লাহ, মো. বেলাল হোসেন, আজিজুর রহমান জুয়েল, ওয়াহিদুর রহমান বাবু, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মাহমুদুল হাসান সেতু, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম তরিক ও নজরুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, খুলনার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরুদ্ধার এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে একটি কার্যকর ও সমন্বিত ক্রীড়া ব্যবস্থাপনা গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে ক্লাব, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে খুলনা জেলা ক্রীড়া সংস্থাকে আরও সক্রিয় ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

