রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খেলাধুলা

মাদ্রিদ ডার্বিতে ফিরতে মরিয়া আলভারেজ

স্পোর্টস ডেস্ক:

সময় দ্রুত ফুরিয়ে আসছে। আর সেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর এখন দ্রুত সুস্থ হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন তিনি। লক্ষ্য—মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামা এবং নিজের চেনা ছন্দে ফেরা।

স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, ডার্বিকে সামনে রেখে গত কয়েক দিনে ব্যক্তিগত অনুশীলনের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে যখন পুরো দলকে এক দিনের বিশ্রাম দিয়েছিলেন, সেদিনও ছুটি কাটাননি আলভারেজ। একা অনুশীলন করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। শুক্রবার সকালে মূল দলের অনুশীলনে যোগ দেওয়ার আগেও আলাদাভাবে অনুশীলন করেন এই আর্জেন্টাইন তারকা।

চোট থেকে ফেরার লড়াইয়ের পাশাপাশি নিজেকে সংবাদমাধ্যমের আলোচনার বাইরে রাখছেন আলভারেজ। বড় ম্যাচের আগে সাক্ষাৎকার কিংবা ক্যামেরার সামনে আসা এড়িয়ে পুরো মনোযোগ দিচ্ছেন ফিটনেস ফিরে পাওয়ার দিকে। তাঁর লক্ষ্য, ডার্বির আগে যতটা সম্ভব প্রস্তুত হয়ে ওঠা।

রিয়ালের বিপক্ষে ম্যাচটি আলভারেজের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এখনো আতলেতিকো সমর্থকদের মনে উজ্জ্বল। সেই ম্যাচে নিখুঁত ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবারও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

অবশ্য লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পরই চোট তাঁকে থামিয়ে দেয়। অ্যানফিল্ডে ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে এমআরআই স্ক্যানে চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ওসাসুনার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি।

এরপর পুনর্বাসনপ্রক্রিয়ার অংশ হিসেবে জিম, ফিজিওথেরাপি এবং মাঠের অনুশীলনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আলভারেজ। দ্রুত ফেরার চেষ্টা করলেও আতলেতিকোর মেডিকেল স্টাফরা তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না। পুরোপুরি সুস্থ হওয়ার আগে মাঠে ফিরলে চোট আরও জটিল হতে পারে এ কারণে তাঁর পুনর্বাসন ও অনুশীলনের ওপর রাখা হচ্ছে কড়া নজর।

বর্তমান পরিস্থিতিতে পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় আলভারেজ পৌঁছেছেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে স্কোয়াডে থাকার ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে কয়েক মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পেলেও তা কাজে লাগাতে চান তিনি।

ওয়ান্দা মেত্রোপোলিতানো স্টেডিয়ামে রিয়াল-আতলেতিকোর হাইভোল্টেজ লড়াইয়ে মাঠে থাকার জন্য তাই শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন আলভারেজ। চোটের সঙ্গে এই লড়াইয়ে তাঁর প্রস্তুতি শেষ পর্যন্ত তাঁকে ডার্বিতে মাঠে নামার সুযোগ দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581