স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সূচিতে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন সূচি অনুযায়ী, তিন দিনের পরিবর্তে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরে এসে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ও আউটডোরে দুই দিন অনুশীলন করবে দলটি।
এরপর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রস্তুতি ম্যাচ শেষে তিন দিন অনুশীলন করবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে, বাংলাদেশ সফরের জন্য আগেই দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে রাখা হয়নি দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার শাই হোপকে। বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। এ ছাড়া দলে নেই পেসার আলজারি জোসেফও।
আসন্ন এই টেস্ট সিরিজটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চলমান চক্রে বাংলাদেশের অবস্থান চতুর্থ, আর ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান উন্নত করতে দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ।

