স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে আফগানিস্তান। এই জয়ের মধ্য দিয়ে ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশেরও সরাসরি বিশ্বকাপে খেলার পথ পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে আফগানরা।
আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। তবে আয়োজক দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সেরা আটে থাকায় অতিরিক্ত সুযোগ পাচ্ছে র্যাঙ্কিংয়ের নবম দল। সিরিজ শেষে সেই নবম অবস্থানটি নিশ্চিতভাবে ধরে রেখেছে বাংলাদেশ, ফলে কোনো সমীকরণের অপেক্ষা ছাড়াই টাইগারদের মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
সরাসরি মূল পর্বে নিশ্চিত দল
- দক্ষিণ আফ্রিকা (আয়োজক)
- জিম্বাবুয়ে (আয়োজক)
- অস্ট্রেলিয়া
- ভারত
- নিউজিল্যান্ড
- পাকিস্তান
- শ্রীলঙ্কা
- ইংল্যান্ড
- আফগানিস্তান
- বাংলাদেশ
অন্যদিকে, সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ক্যারিবীয়দের কাট-অফের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে বাকি থাকলেও, দুই ম্যাচ জিতলেও তারা নবম স্থানে উঠতে পারবে না। ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা হারাল ওয়েস্ট ইন্ডিজ।
উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপেও বাছাইপর্বের সুপার সিক্স থেকে বিদায় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসর মিস করেছিল ক্যারিবীয়রা। এবারও তাদের ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরোতে হবে।

