বাণিজ্য ডেস্ক:
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ রোববার (২৫ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে চার দফায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা।
বাজুসের ঘোষণা অনুযায়ী, নতুন দাম রোববার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। এসব দামের সঙ্গে ভ্যাটসহ প্রযোজ্য অন্যান্য বিষয় বাজুসের নির্ধারিত নিয়ম অনুযায়ী বিবেচ্য হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে গত ১৩ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়। এরপর ২২ অক্টোবর দ্বিতীয় দফায় ভরিপ্রতি ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
পরদিন ২৩ অক্টোবর তৃতীয় দফায় প্রতি ভরি স্বর্ণের দাম আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। এতে দাম নেমে আসে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। সর্বশেষ রোববার চতুর্থ দফায় আরও ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৬ দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফায় দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

