বিনোদন ডেস্ক:
রাজধানীতে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ। আগামী দুই বছরের জন্য সংগঠনটির কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৮) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নির্মাতা শিহাব শাহীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেজবাহ উদ্দিন সুমন।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল, আইন ও কল্যাণ সম্পাদক আফরিন জেসিকা এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে মারুফ হোসেন সজিব দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন ড. লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।
সাধারণ সভায় বক্তারা বলেন, টেলিভিশন নাটক কেবল বিনোদনের জায়গায় সীমাবদ্ধ নয়; মানুষের জীবন, সমাজের বাস্তবতা, সংস্কৃতি ও মূল্যবোধকে দর্শকের সামনে তুলে ধরার ক্ষেত্রেও নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই সঙ্গে নাট্যকারদের সৃজনশীল বিকাশ, পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারা।
নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, নাট্যকারদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার হলে সংগঠনটি পেশাজীবীদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
নবনির্বাচিত সভাপতি শিহাব শাহীন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমনের নেতৃত্বাধীন কমিটি আগামী দুই বছরে টেলিভিশন নাট্যকার সংঘকে আরও সংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি নাট্যকারদের পেশাগত উন্নয়ন, সৃজনশীল কাজের পরিবেশ এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

