বিনোদন ডেস্ক:
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে শুটিং করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘শিকার’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছিলেন তিনি। পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় শুটিং স্থগিত করে গতকাল ঢাকায় ফিরেছেন অভিনেত্রীসহ সংশ্লিষ্ট টিমের সদস্যরা।
অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ওই পথ দিয়েই তাঁদের শুটিং টিমের যাওয়ার কথা ছিল ২৭ আগস্ট। মাত্র এক দিন আগে দুর্ঘটনাটি ঘটায় বড় ধরনের বিপদের হাত থেকে তাঁরা রক্ষা পান।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ওই সড়কটি পরবর্তী ১৫ থেকে ২০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে নেপালের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের কারণে পরিস্থিতি সংকটাপন্ন হয়ে ওঠে। এতে বিদেশি পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অপু বিশ্বাস বলেন, এমন ভয়াবহ দুর্যোগের মধ্যে স্বাভাবিকভাবে কাজ করার মতো পরিবেশ ছিল না। বিশেষ করে মানুষের চরম দুর্ভোগ ও প্রাণহানির সময়ে গানের দৃশ্য ধারণ করাকে তিনি অমানবিক মনে করেন। এ কারণে পুরো টিমের সম্মতিতে শুটিং স্থগিত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত এলাকায় প্রায় ২৭টি দেশের পর্যটক আটকা পড়েছিলেন। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রায় নয় মাস আগেই ওই এলাকায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে সেই পূর্বাভাস যথাযথভাবে আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। চলতি সপ্তাহেও সেখানে নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় নেপালের প্রশাসন বিদেশি পর্যটকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলেও জানান অপু বিশ্বাস।
নেপালে অবস্থানকালে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিয়মিত খোঁজখবর নেওয়ায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, সবার উদ্বেগ ও ভালোবাসা তাঁকে দেশবাসীর সঙ্গে নিজের সম্পর্ককে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ দিয়েছে।
এদিকে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হলে ‘শিকার’ চলচ্চিত্রের স্থগিত শুটিং কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

