বিনোদন ডেস্ক:
শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি।
তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তারা। ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
ফেসবুক লাইভে অভিনেত্রী বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।’
তিনি আরও জানান, পরে মোটরসাইকেলে করে পিছু নিয়ে পিকআপটিকে আটক করা হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশও পৌঁছায় বলে জানান তিনি।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিশা বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’
এদিকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে অভিনেত্রী তাসনুভা তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে দুর্ঘটনায় তিনি বা তার সঙ্গে থাকা অন্যরা কোনো ধরনের আঘাত পেয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

