বিনোদন ডেস্ক:
একসময় টালিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। পর্দার রসায়ন থেকে বাস্তব জীবনের সম্পর্ক দুজনকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে একপর্যায়ে তাঁদের সম্পর্কের ইতি ঘটে। এরপর কেটে গেছে প্রায় এক দশক। দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন, গড়েছেন নতুন সম্পর্ক ও নতুন পরিচয়। এবার ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর ফের জুটি হিসেবে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী।
এই প্রত্যাবর্তনকে ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনায় এসেছে তাঁদের পুরোনো সম্পর্ক। সম্প্রতি অতীতের সেই সম্পর্ক এবং বর্তমান সমীকরণ নিয়ে কথা বলেছেন দেব। তাঁর দাবি, শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি। এমনকি রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্তও তাঁদের ফোনে কথা হয়েছিল।
দেব জানান, এরপর তাঁরা দুজন পারস্পরিক সম্মতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো ও ব্লক করার সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ছিল পুরোনো সম্পর্কের আবেগ পেছনে ফেলে নিজেদের নতুন জীবনে মনোযোগ দেওয়া।
দেবের ভাষায়, ‘শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি! রাজের সঙ্গে ওর বিয়ের আগের দিন পর্যন্তও আমাদের ফোনে কথা হয়েছে। তারপর একে অপরকে ব্লক করে দিই। আমরা দুজনেই চেয়েছিলাম পুরোনো সম্পর্ক পেছনে ফেলে সুন্দরভাবে জীবনে এগোতে।’
দেবের বক্তব্য অনুযায়ী, এই সিদ্ধান্তের পেছনে কোনো তিক্ততা বা বিরোধ ছিল না। বরং নিজেদের নতুন সম্পর্ক ও জীবনের প্রতি সম্মান দেখাতেই তাঁরা অতীত থেকে কিছুটা দূরত্ব তৈরি করেছিলেন।
বর্তমানে শুভশ্রী সংসার করছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। অন্যদিকে দেবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দুজনের জীবনেই এসেছে নতুন অধ্যায়। সেই জায়গা থেকেই প্রায় এক দশক পর আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দেব ও শুভশ্রী।
এই পুনর্মিলনের পেছনে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন দেব। তাঁর মতে, তাঁদের মতো পরিণত মানসিকতার মানুষ পাশে না থাকলে পুরোনো দুই সম্পর্কের মানুষকে নতুন করে ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড় করানো সম্ভব হতো না। তাঁদের আস্থা ও মানসিক পরিপক্বতাই এই পেশাগত পুনর্মিলনের পথ সহজ করেছে।
ফলে ‘দেশু ৭’ শুধু একটি সিনেমা নয়, দেব-শুভশ্রীর ক্ষেত্রে পুরোনো এক অধ্যায়ের নতুন সূচনাও বটে। একসময় যাঁদের প্রেম নিয়ে সরগরম ছিল টালিউড, আজ তাঁরা ব্যক্তিজীবনের আলাদা অধ্যায় পেরিয়ে পেশাগত জায়গায় আবারও জুটি হয়েছেন। অতীতের সম্পর্ক, বিচ্ছেদ ও দূরত্ব পেরিয়ে তাঁদের এই অন-স্ক্রিন প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহও ইতিমধ্যে তুঙ্গে।
‘দেশু ৭’-এর প্রযোজনার পাশাপাশি ছবিটি পরিচালনাও করেছেন দেব। দেব-শুভশ্রী জুটির সঙ্গে এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

