বিনোদন ডেস্ক:
সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু। পেরিয়ে গেছে তিন দশকেরও বেশি সময়। তবে কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না। তেমনই এক পুরোনো স্মৃতির ছবি প্রকাশ করে বিয়ের দিনের সেই বিশেষ সময়ে ফিরে গেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিন দশকের বেশি পুরোনো একটি ছবি প্রকাশ করেন ওমর সানী। ছবিতে নববধূর সাজে দেখা যায় তার স্ত্রী ও অভিনেত্রী মৌসুমীকে। পাশে বিয়ের সাজে রয়েছেন ওমর সানীও। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘বৌভাতের দিন। স্থান রাওয়া ক্লাব মাঠ, মহাখালী।’
ছবিটি প্রকাশের পরই তা নজর কাড়ে নেটিজেনদের। একই সঙ্গে নতুন করে আলোচনায় আসে দেশের চলচ্চিত্রের আলোচিত এই তারকা দম্পতির প্রেম ও বিয়ের গল্প।
ওমর সানী ও মৌসুমীর প্রেমের শুরু নব্বইয়ের দশকে। ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। তবে এরও আগে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরত অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়েছিল বলে বিভিন্ন সময় জানিয়েছেন ওমর সানী।
একপর্যায়ে সেই ভালো লাগা রূপ নেয় ভালোবাসায়। পরে ১৯৯৫ সালের ৪ মার্চ দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেন তারা। সে সময় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। অভিনয়জীবন অব্যাহত রাখার পরিকল্পনা থেকেই বিষয়টি কিছুটা আড়ালে রেখেছিলেন বলে জানা যায়।
এরপর একই বছরের ২ আগস্ট রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব মাঠে আয়োজন করা হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। জমকালো ওই আয়োজন তাদের দাম্পত্যজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে আছে। দীর্ঘদিন ধরে এই দিনটিকেই বিবাহবার্ষিকী হিসেবে উদযাপন করে আসছেন ওমর সানী ও মৌসুমী।
এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান—ছেলে ফারদীন এহসান ও মেয়ে ফাইজা। তিন দশকের বেশি সময়ের দাম্পত্যজীবনে বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও একসঙ্গেই পথ চলেছেন তারা।
সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস ও ত্যাগকে গুরুত্বপূর্ণ মনে করেন ওমর সানী। দীর্ঘ দাম্পত্যজীবনের নানা ওঠানামার মধ্যেও পারস্পরিক বোঝাপড়া ও পরিবারের বন্ধনকে গুরুত্ব দিয়ে একসঙ্গে পথ চলছেন এই তারকা দম্পতি।

