বিনোদন ডেস্ক:
নিজের কণ্ঠ ও উপস্থাপনার পাশাপাশি এবার প্রয়াত বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানকে শ্রোতাদের কাছে নতুনভাবে তুলে ধরে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার।
নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল দিঠি আনোয়ার-এ একে একে প্রকাশ করেছেন চারটি মৌলিক গান না জাগলে, মেঘলা আকাশ, জন্মের পরে ও রবি ঠাকুর। গানগুলো প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকেও মিলছে ইতিবাচক সাড়া।
চারটি গানের পেছনেই রয়েছে দিঠির প্রয়াত বাবা, উপমহাদেশের বরেণ্য গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিশীলতার ছাপ। তাঁর লেখা গানগুলোই কণ্ঠে তুলে বাবার স্মৃতিকে যেন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন দিঠি।
চার গানের মধ্যে দেশাত্মবোধক ‘না জাগলে’-এর সুর করেছেন সজল দাশ। গানটির পুনঃসঙ্গীতায়োজন করেছেন অপু আমান। ‘মেঘলা আকাশ’, ‘জন্মের পরে’ ও ‘রবি ঠাকুর’ এই তিনটি গানের সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন অপু আমান।
বাবাকে স্মরণ করে দিঠি আনোয়ার জানান, জীবদ্দশায় বাবাকে পাশে রেখেই ইউটিউব চ্যানেলটি শুরু করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে যান গাজী মাজহারুল আনোয়ার।
দিঠির ভাষায়, তাঁর বাবা শেষ জীবনে লিখে যাওয়া গানগুলোর সুর করার দায়িত্ব অপু আমানকে দিয়ে গিয়েছিলেন। তাই বাবার সেই সৃষ্টিগুলো এখন গান হয়ে শ্রোতাদের কাছে পৌঁছানো তাঁর জন্য একই সঙ্গে আনন্দ ও আবেগের বিষয়। গানগুলো প্রকাশ হওয়ার পর শ্রোতাদের ভালোবাসা তাঁকে আরও উৎসাহিত করছে বলেও জানান তিনি।
গানের এই নতুন অধ্যায়ের পাশাপাশি দিঠি আনোয়ারের কর্মজীবনে যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ আরেকটি দায়িত্ব। পুনর্গঠিত ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি। চলচ্চিত্র-সংক্রান্ত কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি বোর্ডটি পুনর্গঠন করেছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, তাঁর বাবা যেমন চলচ্চিত্র ও সংগীতকে গভীরভাবে ভালোবাসতেন, তিনিও একইভাবে এই দুই অঙ্গনের সঙ্গে আবেগ ও ভালোবাসায় যুক্ত। সরকারের দেওয়া এই দায়িত্বকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
একদিকে বাবার অপ্রকাশিত সৃষ্টিকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া, অন্যদিকে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়া দিঠি আনোয়ারের ক্যারিয়ারে যেন একই সময়ে যুক্ত হয়েছে স্মৃতি, সৃষ্টিশীলতা ও নতুন দায়িত্বের দুটি ভিন্ন অধ্যায়।

