রাজনীতি ডেস্ক:
বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজ ৪৬ বছরে পা দিয়েছে। বুধবার (১৯ আগস্ট) সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।
১৯৮০ সালের ১৯ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলেও অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের বিভিন্ন থানা, উপজেলা ও পৌর শাখায় বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এতে ফলজ ও বনজ গাছের চারা রোপণের পাশাপাশি পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতার বার্তা তুলে ধরবেন নেতাকর্মীরা।
সংগঠনের সভাপতি সংসদ সদস্য এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেওয়া এসব কর্মসূচির মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

