রাজনীতি ডেস্ক:
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে সংসদে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ওয়াকআউটের ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সংসদে থাকলেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা।
তিনি অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি দল ক্রমাগত সময়ক্ষেপণ করছে এবং বিষয়টি বাস্তবায়ন থেকে বিরত থাকার চেষ্টা করছে। গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এমন গড়িমসির প্রতিবাদেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এর আগে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিভিন্ন কার্যক্রম নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। অধিবেশনের শেষ সময়ে বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।

