রাজনীতি ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তাদের সেই পথ থেকে ফেরানোর চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো।
শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রামে দলীয় ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। ওই সনদে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের কথা উল্লেখ ছিল।
তিনি বলেন, ‘কিন্তু ক্ষমতায় আসার পর সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। এখন তারা সনদটিকেই অস্বীকার করার চেষ্টা করছে। সেপ্টেম্বরে ১৮০ দিন পূর্ণ হবে। আমরা আশা করব, সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন ডেকে তা কার্যকর করবে।’
অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সর্বক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন ক্ষেত্রে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ সৃষ্টি হলে জনগণের ভোগান্তি কমবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের একজন মন্ত্রী প্রায় সব মন্ত্রণালয় নিয়ে কথা বলেন এবং জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করে বক্তব্য দেন। অথচ তার নিজের মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যথেষ্ট নজর নেই।
দেশে দৃশ্যমান উন্নয়ন না হওয়ার অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সুষম উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করবেন, উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশ নেবেন—এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। সরকার যদি সত্যিই সমতা বজায় রাখতে চায়, তাহলে সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকাতেও বিরোধী দলের নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব দেওয়া উচিত।
মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

