রাজনীতি ডেস্ক:
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়ন থেকে প্রার্থী ঘোষণা করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা কমিটির ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তিমত্তা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই এনসিপির নেতারা দেশের বিভিন্ন জেলা সফর করছেন। প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে দলের।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে এনসিপির একজন করে প্রার্থীকে প্রাথমিকভাবে সমর্থন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটিকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির একটি ধাপ সম্পন্ন হবে।
বিএনপির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, সরকার সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে বিরোধী দলের মতামত ও বক্তব্যের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, সরকার যদি দেশের মানুষের স্বার্থে কাজ করে, তাহলে এনসিপি সহযোগিতা করবে। তবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো পদক্ষেপ নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে।
১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, সরকারের ছয় মাসের কার্যক্রমে জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে ব্যর্থতা দেখা গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং বিভিন্ন কলকারখানায় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কারণে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
তার ভাষ্য, সরকার ধীরে ধীরে জনগণের কাছে অজনপ্রিয় হয়ে পড়ছে। তবে সরকার এসব বাস্তবতা স্বীকার করতে চাইছে না।
সারজিস আলম বলেন, জনগণের বিভিন্ন দাবি তুলে ধরতে এনসিপি বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি পালন করছে। বিরোধী দল হিসেবে সরকারের কর্মকাণ্ডের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে জনগণের স্বার্থে রাজনৈতিক ভূমিকা রাখবে এনসিপি।

