রাজনীতি ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জোটের নেতারা।
শুভেচ্ছা বিনিময়কালে রুহুল কবীর রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির সঙ্গে থেকে আন্দোলনকে বেগবান করেছিল। আশা করি, বর্তমানে গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাতীয়তাবাদী সমমনা জোট পূর্বের ন্যায় বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে।’
এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে দেশকে সমৃদ্ধশালী করতে জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাৎ, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপা সভাপতি জাকির হোসেন রিয়াজ, এনডিপির মহাসচিব জামিল আহমেদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারেক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল ইসলাম, বিএমএলের মহাসচিব রেজওয়ান মর্তুজা, ডিএলের সহসভাপতি মাহবুব আলম এবং এনপিপির যুগ্ম মহাসচিব সোহেল রানা।

