বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

সরকার সংকট মোকাবিলায় অদক্ষতার পরিচয় দিচ্ছে: হামিদুর রহমান আযাদ

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকার দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় অদক্ষতার পরিচয় দিচ্ছে। ছয় মাস সরকারের জন্য খুব বেশি সময় না হলেও বিকল্প পরিকল্পনা ও সংকট মোকাবিলায় সক্ষমতা দেখানোর ক্ষেত্রে আর অপেক্ষার সুযোগ নেই।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি ও চেতনা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের যে দাবি উঠেছিল, সংসদে ১১ দলের প্রতিনিধিরা শুরু থেকেই সে বিষয়ে ভূমিকা রেখে আসছেন। সাংবিধানিক সংস্কারের বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। কিন্তু সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও তা না করে গণরায় উপেক্ষা করা হয়েছে।

জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা

সংসদের দ্বিতীয় অধিবেশনে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ও তেল সংকট সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। এতে কৃষকরাও সমস্যায় পড়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টি সংসদে আলোচনার জন্য তোলা হলেও সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করে সংকট মোকাবিলার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিরোধী দলের পক্ষ থেকে ১০টি প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু সরকার কোনো প্রস্তাবই আমলে নেয়নি। বরং তেল সংকটের অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানির দাম বাড়ানো হয়েছে।

গ্যাস সংকটের প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, গ্যাসের অভাবে দেশের বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে যাওয়ার খবর এসেছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পও এ সংকটের প্রভাবের মধ্যে পড়েছে। অর্ডার বাতিল হয়ে গেলে তা পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দ্রব্যমূল্য নিয়ে অনেক সমালোচনা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য আরও দ্রুত বেড়েছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। একের পর এক লোমহর্ষক ঘটনা ঘটছে। গুম, খুন ও অপহরণের মতো ঘটনাও ঘটছে।

পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে ৫১৮টি শিশু অপহরণের মামলা হওয়ার তথ্য সামনে এসেছে। রংপুরে একই পরিবারের চারজনকে নিজ বাসায় হত্যা করা হয়েছে। বিরোধী দলের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা এবং জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মী নিহত হওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন। একটি স্কুল কমিটি দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবি

দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ না হওয়ার অভিযোগ তুলে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার দুর্নীতি দমন, চাঁদাবাজি বন্ধ ও দখলদারিত্ব বন্ধের কথা বলেছিল। কিন্তু বাস্তবে এগুলোর কোনোটিই বন্ধ হয়নি। দেশের অর্থনৈতিক সংকট সমাধানে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। সম্মিলিতভাবে এ সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। কিন্তু সরকার বিরোধী দলের কোনো প্রস্তাবই আমলে নিচ্ছে না।

তিনি বলেন, সংসদে সমস্যার সমাধান না হওয়ায় ১১ দলীয় ঐক্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে। ইতোমধ্যে চট্টগ্রামে প্রথম লংমার্চ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রত্যাশার চেয়েও বেশি মানুষের সাড়া পাওয়া গেছে।

আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ওই দিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নেতাকর্মীরা জমায়েত হবেন। সেখানে এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। পরে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবি এখন সাত দফায় রূপান্তরিত হয়েছে। দেশে দুর্নীতি প্রতিযোগিতার ভিত্তিতে চলছে এবং দখলদারিত্ব ও চাঁদাবাজি বিগত ফ্যাসিস্ট আমলের পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে। এ কারণে নতুন করে একটি দাবি যুক্ত করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, বিডিপির মহাসচিব নিজামুদ্দিন নাঈম, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলীসহ ১১ দলের নেতারা উপস্থিত ছিলেন।

লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

এদিকে ৭ দফা দাবি বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য আহূত আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় মহানগরী উত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকারসহ অন্য নেতারা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতসহ ১১ দলের গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকার যত দ্রুত মেনে নেবে, ততই দেশের জন্য কল্যাণকর হবে। অন্যথায় জনগণকে সংগঠিত করে এসব দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।

তিনি ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493