বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
রাজনীতি

প্রশাসনে দলীয়করণ রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যায় না: গোলাম পরওয়ার

রাজনীতি ডেস্ক:

প্রশাসনের সর্বস্তরে ‘নিলজ্জ দলীয়করণ’ অব্যাহত রেখে কখনো ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার নামই জাস্টিস বা ন্যায়বিচার। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়েছিল। ন্যায়বিচারের অর্থ হলো সমাজের সব স্তরের বৈষম্য দূর করে নাগরিকদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং কোটা প্রথার মতো বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে আসা। কিন্তু বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশেও সরকার পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ গঠন করা গেলে সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। শুধু ব্যক্তিজীবন নয়, সমাজজীবনেও শান্তি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে। সমাজ থেকে অন্যায়, অনাচার, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে সীরাতুন্নবী (সা.)-এর আদর্শে সমাজ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি উপস্থিত চিকিৎসকদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দিতে এনডিএফের চিকিৎসকেরা যে ভূমিকা রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকারের নির্দেশে আহত ও গুলিবিদ্ধদের চিকিৎসা না দেওয়ার পরিবেশ তৈরি করা হয়েছিল। এমন পরিস্থিতিতেও এনডিএফের চিকিৎসকেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। এ কারণে অনেক চিকিৎসককে তৎকালীন সরকারের জুলুমের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, এনডিএফের চিকিৎসকেরা মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা মহানবী (সা.)-এর মানবতার আদর্শেরই প্রতিফলন। রাসূল (সা.)-এর আদর্শ থেকে বিচ্যুত হলে সমাজে অশান্তি সৃষ্টি হয়। বাংলাদেশে রাসূল (সা.)-এর আদর্শভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষ প্রকৃত শান্তি খুঁজে পাবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মানুষের তৈরি আইনে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি ডা. মো. নুর উদ্দিন তালুকদারের সঞ্চালনায় কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, মতিঝিল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান প্রমুখ।

কনফারেন্সের দ্বিতীয় পর্বে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493