রাজনীতি ডেস্ক:
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় এ দেশের মাটিতে বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকারকেও সেই রায় বাস্তবায়ন করতে বাধ্য করা হবে।
শনিবার (তারিখ) সকাল ১০টার দিকে গাজীপুরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘১৮ কোটি মানুষের ন্যায্য দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের এই লংমার্চ দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আধিপত্যবাদের অবসান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে।’
তিনি বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছিলেন। কিন্তু সরকার জনগণের দেওয়া গণভোটের রায় অগ্রাহ্য করে তাদের অপমান করেছে। সেই অপমানের প্রতিকার চাইতেই আমরা রাস্তায় নেমেছি।’
জামায়াত আমির আরও বলেন, ‘গণভোটের রায় এই বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে। এই বিএনপি সরকারই তা বাস্তবায়ন করতে বাধ্য হবে। বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’
পথসভায় তিনি লংমার্চের উদ্দেশ্য ও দাবিগুলো তুলে ধরে সংশ্লিষ্ট সবাইকে জনগণের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

