রাজনীতি ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের পাশে বসতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নির্ধারিত আসন ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চের কর্মসূচিতে আয়োজিত গণসমাবেশে এ ঘটনা ঘটে।
সমাবেশের মঞ্চে নাসীরুদ্দীন পাটওয়ারী উঠলে তিনি শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের কাছে গিয়ে সাদিক কায়েমের পাশে বসার ইচ্ছা প্রকাশ করেন। পরে নূরুল ইসলাম সাদ্দাম তার নির্ধারিত চেয়ার ছেড়ে দিলে সেখানে সাদিক কায়েমের পাশে বসেন পাটওয়ারী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাটওয়ারী মঞ্চে উঠে সাদ্দামের সঙ্গে কথা বলছেন। এরপর সাদ্দাম নিজের আসন ছেড়ে দেন এবং পাটওয়ারী সাদিক কায়েমের পাশের চেয়ারে বসেন।
পাশাপাশি বসার পর সাদিক কায়েম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরস্পরের সঙ্গে কথা বলতে ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ভিডিওতে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা স্পষ্ট নয়।
তবে সমাবেশে উপস্থিত কয়েকজন এ সময় তাদের মধ্যে নির্বাচনসংক্রান্ত আলোচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। তাদের কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক সমন্বয়ের ইঙ্গিত হিসেবেও দেখছেন। তবে এ বিষয়ে সাদিক কায়েম বা নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

