রাজনীতি ডেস্ক:
দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, ঠিক তখনই ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
ইতিহাসের উদাহরণ টেনে আমান উল্লাহ আমান বলেন, “দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। তারা বিদেশে পালিয়ে গিয়ে এখন ফিরে আসার হুমকি দিচ্ছে। তবে ইতিহাস সাক্ষী, কোনো পলায়নকারী ফ্যাসিস্ট কোনো দিন ফিরতে পারেনি; এরাও আর কখনো ফিরে আসতে পারবে না।”
দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “পালিয়ে থাকা নেতৃত্ব তাদের কর্মীদের চাঙা রাখতে নানান কথা বলছেন, কিন্তু খালি কথায় রাজপথে ফেরা যায় না।” এসময় বিএনপির বিরুদ্ধে একটি মহল বিভ্রান্তিকর অপবাদ দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমরা যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, ঠিক একইভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব। গণতন্ত্রের ওপর আঘাত মোকাবিলায় বিএনপি রাজপথেই থাকবে।”
আইনশৃঙ্খলার কথা উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, “ফ্যাসিস্ট ও খুনিদের জায়গা বাংলাদেশে হবে না। এদের যেখানেই দেখা যাবে, সঙ্গে সঙ্গে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”
মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম সনি। সমাবেশ শেষে নয়াপল্টন এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন দলটির নেতাকর্মীরা।

