রাজনীতি ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টার পর স্পিকারের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ফেরদৌসী আহমেদ। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর তিনি বেরিয়ে যান।
স্পিকারের কার্যালয় থেকে বের হওয়ার পর সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিষ্টি। এ সময় তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তাঁর সঙ্গে দেখা করেছি। দল যে সিদ্ধান্ত নেবে, তাই মেনে নেব।’
সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, তিনি পদত্যাগ করেছেন কি না। তবে এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুত চলে যান তিনি।
এদিকে, স্পিকারের কার্যালয়ের একাধিক কর্মকর্তার কাছে ফেরদৌসী আহমেদ পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। স্পিকারের দপ্তর সূত্র জানিয়েছে, শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

