রাজনীতি ডেস্ক:
নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ এবং তাঁদের বিরুদ্ধাচরণকারীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকারও অধিকার নেই বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিদওয়ান মাযহারী বলেন, যারা নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেন এবং তাঁদের প্রতি বিদ্বেষ ও সমালোচনা করেন, তাঁদের বায়তুল মোকাররমে আসা তো দূরের কথা, এর আশপাশে থাকারও অধিকার নেই।
সমাবেশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেককে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিদওয়ান মাযহারী বলেন, জাতীয় মসজিদ ও মুসলিম উম্মাহর সম্পদ মুফতি আব্দুল মালেককে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জাতীয় মসজিদের মিম্বারে কে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বায়তুল মোকাররমের মিম্বারে এমন ব্যক্তির প্রতিনিধিত্ব থাকা উচিত, যিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ ধারণ করেন এবং মানুষের পক্ষে সত্যের বাণী উচ্চারণ করতে পারেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে যারা আমেরিকার দাসত্ব গ্রহণ করবেন, তাঁদের জাতীয় মসজিদের মিম্বারে প্রতিনিধিত্ব করার অধিকার থাকা উচিত নয়। যারা সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিতে এবং আপসহীনভাবে অন্যায়ের মোকাবিলা করতে পারবেন, তাঁদেরই এ দায়িত্বে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
মুফতি আব্দুল মালেক ও জাতীয় মসজিদের পবিত্র মিম্বার রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে ছাত্র জমিয়ত সভাপতি বলেন, দেশের গৌরব মুফতি আব্দুল মালেক এবং জাতীয় মসজিদের মিম্বারের মর্যাদা রক্ষায় নিজেদের সর্বস্ব বিলিয়ে দিতেও তাঁরা প্রস্তুত।
ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

