সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক ফটোকার্ড শেয়ার করে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফটোকার্ডটি পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে রুমিন ফারহানা লেখেন, ‘নোবেলটা আমি পেয়ে গেছি বেলা শুনছো….’
পোস্টের সঙ্গে যুক্ত ফটোকার্ডটি রম্য, ব্যঙ্গাত্মক ও বিনোদনমূলক ওয়েব পোর্টাল ‘ইয়ার্কি’র তৈরি। এতে রুমিন ফারহানার গলায় নোবেল পদকের আদলে একটি পদক দেখা যায়। ফটোকার্ডে লেখা রয়েছে, ‘একটাই বিরোধীদল নোবেল’।
তবে রসাত্মক ভঙ্গিতে দেওয়া এই পোস্টের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি রুমিন ফারহানা।
এদিকে পোস্টটির ক্যাপশন ও ফটোকার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। পোস্টটি প্রকাশের চার ঘণ্টার মধ্যে এতে ২২ হাজার ৪০০ লাইক পড়ে এবং ২৬৬ বার শেয়ার হয়।
রুমিন ফারহানার এই পোস্টের বক্তব্য ও ফটোকার্ডের বার্তা নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি।

