রাজনীতি ডেস্ক:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তাঁর অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন এবং তাঁকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু আইনশৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির মধ্যে আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।’
ইশরাক হোসেনের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন বলে তাঁর অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে ‘মিষ্টি’ পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়।’
সংবিধান সংশোধন কমিটি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দলীয় সুশীল ও বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাঁদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে। এসব কর্মকাণ্ড জনগণের সঙ্গে প্রহসনের শামিল।
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

