রাজনীতি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠক হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে রোববার (২৫ অক্টোবর) দলটির ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ ঘটে। সে সময় সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছিল।
পরে গত ১৮ এপ্রিল জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এবার সেই কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করল এনসিপি।

