রাজনীতি ডেস্ক:
জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত সময়ে সংগঠনটির নেতাকর্মীদের গুলি করে হত্যা, বাসায় ঢুকে কুপিয়ে হত্যা এবং বোমা হামলায় পঙ্গু করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বছরের পর বছর নানা ধরনের নির্যাতন চালিয়েও যুবদলকে দমিয়ে রাখা যায়নি।
তিনি আরও বলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামসহ নেতারা জুলাই-আগস্ট আন্দোলনে কী ভূমিকা রেখেছেন, তা গণমাধ্যমে উঠে এসেছে। সে সময় গণমাধ্যমের ওপর বিশেষ নজরদারি থাকায় সব ঘটনা প্রকাশ করা সম্ভব হয়নি। এরপরও যতটুকু তথ্য প্রকাশিত হয়েছে, তাতেই আন্দোলনে যুবদলের ভূমিকা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
যুবদল কখনো থেমে থাকতে পারে না উল্লেখ করে রবিউল ইসলাম নয়ন বলেন, দেশের প্রয়োজনে সংগঠনটির প্রতিটি নেতাকর্মী জীবন দিতে প্রস্তুত। একটি মহল যুবদলকে হিংসা করে এবং ভয় পায়। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটিকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তিনি বলেন, ‘যুবদলের নেতাকর্মীরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তারা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী। যুবদল গুপ্ত হামলায় বিশ্বাসী নয়, রাজপথে বিশ্বাসী।’
যুবদলের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করতেও পিছপা হন না উল্লেখ করে তিনি বলেন, নির্বিচারে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে যুবদলের নেতাকর্মীরা বারবার রাজপথে দাঁড়িয়েছেন। দেশের স্বার্থে ভবিষ্যতেও সংগঠনটির নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

