রাজনীতি ডেস্ক:
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব পালনের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক মূল্যায়ন তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আগে নির্ধারিত স্থান পরিবর্তন করে নতুন ভেন্যুতে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করবেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
দলীয় সূত্র জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড এসব বিষয়কে কেন্দ্র করেই দলটির মূল্যায়ন তুলে ধরা হবে। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও জামায়াতের অবস্থান স্পষ্ট করা হতে পারে।
সংবাদ সম্মেলনে সরকারের ছয় মাসের কার্যক্রম সম্পর্কে জামায়াতে ইসলামীর পর্যবেক্ষণ, প্রত্যাশা ও সমালোচনার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

