গোপালগঞ্জ প্রতিনিধি:
পেটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা বহন করে কক্সবাজার থেকে খুলনায় আসার পথে মো. আমিনুল ইসলাম (৩৩) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আমিনুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ শরীফপুর গ্রামের মো. ইদ্রিছ আমিনের ছেলে।
র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন আমিনুল ইসলামকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, টেকনাফ থেকে সংগ্রহ করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা পেটের ভেতরে লুকিয়ে ঢাকা হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের চালক, সুপারভাইজার ও কয়েকজন যাত্রীর উপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হয়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের পর মলের সঙ্গে পর্যায়ক্রমে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বেরিয়ে আসে। উদ্ধার হওয়া ইয়াবাগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে র্যাব।
র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম রেজাউল হক বলেন, মাদক পাচারের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

