মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সংযোগ সড়কের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটির নাম ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’। বাসটি মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি মাওয়া প্রান্তের ঢালে পৌঁছালে অতিরিক্ত ও বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। এতে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
দুর্ঘটনার পর বাসটির চালক ও সংশ্লিষ্টদের বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

