রংপুর প্রতিনিধি
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে বিভিন্ন তথ্য সামনে আসছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের পাশাপাশি নেপথ্যে কারও সম্পৃক্ততা থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজে বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত এবং নেপথ্যে থেকে কেউ সহযোগিতা বা সম্পৃক্ততা করে থাকলে তাদেরও আইনের আওতায় আনতে কিছুটা সময় লাগছে। তবে অল্প সময়ের মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে চার্জশিট দেওয়া হবে এবং মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রংপুরের এই চার হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুতর ও নিন্দনীয় ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।
এ সময় দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন সংকট নিয়েও কথা বলেন ত্রাণমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এসব খাত সংস্কারে কাজ করছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য খাতে জনবল সংকটের বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।

