নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এতিম শিশুদের হাতে নতুন টাকার নোট তুলে দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ইসলাম নয়ন। তাঁর এই উদ্যোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও প্রশংসা দেখা গেছে।
আশরাফুল ইসলাম নয়ন বদলগাছী উপজেলার ৭ নম্বর আধাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে দুর্গাপূজা উপলক্ষে আধাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নয়ন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি মণ্ডপ কর্তৃপক্ষের সহযোগিতায় মা-বাবাহীন এতিম শিশুদের খোঁজ নেন। পরে শিশুদের বয়স অনুযায়ী কারও হাতে ১০০ টাকা, আবার কারও হাতে ২০০ টাকার নতুন নোট তুলে দেন।
নতুন টাকা পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় উপস্থিত লোকজনও শিশুদের আনন্দে আবেগাপ্লুত হন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই রাতে ইউনিয়নের ১৬টি দুর্গামন্দির পরিদর্শন করে শতাধিক এতিম শিশুর হাতে নতুন টাকার নোট তুলে দেন তিনি।
নয়নের এ উদ্যোগকে মানবিক ও ব্যতিক্রমী বলে উল্লেখ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে। তাঁরা এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
এ বিষয়ে আশরাফুল ইসলাম নয়ন বলেন, ‘যার বাবা-মা নেই, এই পৃথিবীতে তাকে আগলে রাখার মানুষ খুবই কম। এতিম শিশুদের হাতে নতুন কড়কড়ে নোট তুলে দিলে তাদের মুখে যে নিষ্পাপ আনন্দের হাসি ফুটে ওঠে, সেটিই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। শিশুদের আনন্দ আমি হৃদয় দিয়ে অনুভব করি।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু এবারই এমন উদ্যোগ নিইনি। দীর্ঘদিন ধরে প্রতিটি পূজা ও ঈদে নিজের সামর্থ্য অনুযায়ী এ কাজ করে আসছি। ২০১০ সালে নিজের অর্থায়নে “মানুষ মানুষের জন্য” ফাউন্ডেশন গঠন করি। এই ফাউন্ডেশনের মাধ্যমে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানবিক কাজ করার চেষ্টা করি। এতে আমি আত্মতৃপ্তি পাই।’
চেয়ারম্যান নির্বাচিত হলেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন জানিয়ে নয়ন বলেন, ‘আমি চেয়ারম্যান হলেও এ কাজ চলবে, না হলেও চলবে। এটি আমার মনের তৃষ্ণা মেটায়।’

