রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সারাদেশ

সাজেকে অবরোধ-সংঘর্ষ, নিরাপত্তা পাহারায় সরানো হলো ২,৯৩৩ পর্যটক

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি সাজেকের দুর্গম এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকে পড়া ২ হাজার ৯৩৩ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করেন অবরোধকারীরা।

এ সময় নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটকবাহী গাড়িবহর বাঘাইহাটের উজোবাজার এলাকায় আটকে দেন অবরোধকারীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেক থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িবহর বাঘাইহাটের উজোবাজার এলাকায় অবরোধকারীরা আটকে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁরা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন। বাধা দেওয়া হলে বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তিন দফা দাবিতে অবরোধ

সাজেক এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এ অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজা উপলক্ষে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে দাবি পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু করেন তাঁরা।

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ

উদ্ভূত পরিস্থিতিতে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছে জেলা প্রশাসন।

অন্যদিকে স্থানীয় সূত্রের দাবি, সাজেকের বিভিন্ন দুর্গম এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581