খুলনা ব্যুরো:
তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকারী প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে খুলনায় আয়োজন করা হচ্ছে ‘চাকরি মেলা-২০২৬’। আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় খুলনার CSS Hope Technical Institute-এ এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় ৬০০-এর বেশি চাকরিপ্রার্থী এবং ২০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যুব উন্নয়ন অধিদপ্তর, সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট এবং এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগকারী প্রতিষ্ঠানের এইচআর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ, সিভি জমা এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ক্যারিয়ার গাইডেন্স ও পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগও থাকবে। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, মেলায় গার্মেন্টস, ম্যানুফ্যাকচারিং, সেলস অ্যান্ড মার্কেটিং, আইটি ও প্রযুক্তি, কাস্টমার সার্ভিস, হসপিটালিটি, এনজিও এবং টেকনিক্যাল ট্রেডসহ বিভিন্ন খাতে চাকরির সুযোগ থাকবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Oxeio, IsmartU, ArtNature Bangladesh Ltd., Transcom Electronics Ltd., Akij Group, Dutch-Bangla Pack Ltd., Trust Distribution, Dagor, PRAN, Green Board, MEP Group, Minister, RFL, Hamko ও Milkyসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
চাকরিপ্রার্থীদের জন্য মেলায় নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। আগ্রহীদের সিভি সঙ্গে নিয়ে মেলায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু-এর। আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করাই এ চাকরি মেলার মূল উদ্দেশ্য।

