বিনোদন ডেস্ক:
অভিনয় জগতের পরিচিত মুখ তমা মির্জার পেশাজীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী এখন অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড ও যোগাযোগ বিভাগেও দায়িত্ব পালন করছেন।
প্রায় তিন মাস ধরে তিনি প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন।তবে নতুন এই পেশা অভিনয়ের প্রতি তার আগ্রহে কোনো ছেদ ফেলছে না। তমার কাছে অভিনয় এখনো সবচেয়ে প্রিয় জায়গা। চাকরির পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যাওয়ার পরিকল্পনাই রয়েছে তার।
তমা মির্জার ভাষ্য, অভিনয় তার জীবনের প্রথম ভালোবাসা। নতুন কর্মক্ষেত্রের বিষয়টিও ব্যাংক কর্তৃপক্ষ ইতিবাচকভাবে দেখছে। ফলে পেশাগত দায়িত্বের সঙ্গে অভিনয় চালিয়ে যেতে আপাতত কোনো প্রতিবন্ধকতা দেখছেন না তিনি।
বড় পর্দায় তমাকে সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম দেখা গেলেও বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। তার পরিকল্পনা, বছরে একটি কিংবা দুটি সিনেমায় অভিনয় করা তবে গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল যুক্ত হবেন নতুন কাজে।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেন তমা। সিনেমার পাশাপাশি ওটিটিতেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ এবং ‘ফ্রাইডে’-এর মতো আলোচিত কনটেন্টে তার অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে।
অভিনয়ের বাইরে ব্যাংকিংয়ের মতো ভিন্ন একটি পেশায় যুক্ত হওয়াকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তমা। তার মতে, অভিনয়ের জগতের বাইরে অন্য একটি কর্মপরিবেশে নিজেকে নতুনভাবে জানার সুযোগ তৈরি হয়েছে, যা তিনি উপভোগ করছেন।
এদিকে অভিনয়েও ফিরছেন নতুন কাজ নিয়ে। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিতব্য ‘খলনায়ক’ সিনেমায় আবারও আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তমা মির্জাকে। ফলে একদিকে ব্যাংকের করপোরেট দায়িত্ব, অন্যদিকে পছন্দের অভিনয় দুই ভিন্ন জগত সামলে এগিয়ে যাওয়ার নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

