যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসবাহী ট্যাংকার সড়কের পাশের একটি বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে বাড়ির দেয়াল ও পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভয়াবহ এ দুর্ঘটনায় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। আহত হয়েছেন ট্যাংকারটির চালক ও হেলপার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৪টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার আলতাপোল চারের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গ্যাসবাহী ট্যাংকারটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, ভোররাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের মানুষের। বাইরে বেরিয়ে তারা দেখতে পান, একটি গ্যাসবাহী ট্যাংকার সড়ক থেকে ছিটকে গিয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মী হাবিবুর রহমানের বসতবাড়ির ভেতরে ঢুকে পড়েছে।
ট্যাংকারের ধাক্কায় বাড়ির বাথরুমের দেয়াল ভেঙে যায় এবং প্রধান ভবনেরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে বাড়ির পাশে পার্কিং করে রাখা কওসার নামের এক ব্যক্তির প্রাইভেটকারটি ট্যাংকারের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার ভয়াবহতা আরও বড় হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা। কারণ, ট্যাংকারটি যখন বাড়ির ভেতরে ঢুকে পড়ে, তখন পরিবারের সদস্যরা ঘরেই ঘুমিয়ে ছিলেন। অল্পের জন্য তারা বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান।
ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবার ও প্রাইভেটকারের মালিক দুর্ঘটনায় হওয়া ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন। একই সঙ্গে ঘনবসতিপূর্ণ এই সড়ক এলাকায় যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কে দ্রুতগতির ভারী যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে প্রাণহানিতে রূপ না নেয়, সে জন্য সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাড়ি ও যানবাহন দেখতে স্থানীয়দের ভিড় জমে। বড় ধরনের প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে।

