খুলনা ব্যুরো:
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারাকে প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ মামলাটিতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক ইব্রাহিম খলিল মুহিম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মাসুদুর রহমান জানান, দুপুরে প্রতারণার মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হন অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা। এ সময় তার পক্ষে জামিনের আবেদন করা হয় এবং আদালতে যুক্তি উপস্থাপন করেন আইনজীবীরা। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ ডিসেম্বর খুলনা থানায় তারিক মাহমুদ তারার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়। ওই মামলায় জামিন পাওয়ার জন্যই বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হন।
আইনজীবী সমিতির সাবেক এই নেতা আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে মামলায় আদালতের কার্যক্রমে অংশ নিতে তিনি বৃহস্পতিবার আদালতে উপস্থিত হন। আদালতের আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

