খুলনা প্রতিনিধি:
খুলনা সদর থানার টুটপাড়া এলাকার আলোচিত ইসমাইল হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. ফারদিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. রায়হান মোল্লা ও সাইফুল হাওলাদার নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গত রবিবার বিকেল ৪টার দিকে টুটপাড়া মেইনরোড এলাকা থেকে প্রধান অভিযুক্ত ফারদিন খানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফারদিন খানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে রায়হান মোল্লা ও সাইফুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, তিনটি শটগানের গুলি, বিভিন্ন মোবাইল অপারেটরের ৯টি সিমকার্ড এবং ‘বি কোম্পানি’র লোগো সম্বলিত পাঁচটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইসমাইল হত্যা মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

