মোংলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বুধবার বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কাউকে পূর্বে না জানিয়েই তিনি হাসপাতালে উপস্থিত হন।
বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমও পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, “হঠাৎ করে এসেই দেখেছি, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।” কোনো রোগী যেন সেবা নিয়ে অভিযোগ না করেন এবং সবাই যেন যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এ সময় হাসপাতালের ইমারজেন্সি রুম আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর হাসপাতালে উপস্থিতির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।
এর আগে মোংলা সরকারি কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী। বৃক্ষরোপণ শেষে তিনি নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।
পরে প্রতিমন্ত্রী মোংলা পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুরপাড়ে বৃক্ষরোপণ করেন। এছাড়াও সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন তিনি।

