আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢল এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। দুর্গম ও পাহাড়ঘেরা বিভিন্ন জেলায় বন্যার পানির তোড়ে বাড়িঘর ও সড়কপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশজুড়ে ১০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নেপাল পুলিশ। খবর বিবিসির।
পুলিশের দেওয়া জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চিতবন জেলায়। সেখানে এখন পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গোর্খা জেলায় ১৯ জন এবং ধাদিং জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
নুয়াকোট ও নওয়ালপুর জেলায় ১১ জন করে মারা গেছেন। তানাহুন জেলায় সাতজন এবং রসুয়া জেলায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
হিমালয়ঘেরা দেশটির বিভিন্ন এলাকায় আকস্মিক পাহাড়ি ঢল ও কাদা ধসের ঘটনায় মুহূর্তের মধ্যে বহু বাড়িঘর ভেসে যায়। বন্যার পানি ও ভূমিধসে রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে উদ্ধারকারী দলকে চরম বেগ পেতে হচ্ছে।
আক্রান্ত এলাকাগুলোতে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং দুর্গম এলাকায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

